অনলাইনে সেরা লেখক তারা

৫ জুলাই, ২০২২ ০৭:২৭  
২০১২ সাল থেকে যাত্রা শুরু করে অনলাইন বই বিক্রি প্রতিষ্ঠান রকমারি ডট কম। প্রতি বছর অমর একুশে গ্রন্থমেলার পাশাপাশি সারা দেশের মানুষের কাছে ঘরে বসে বইমেলার আনন্দ পৌঁছে দিতে অনলাইন বইমেলার আয়োজন করে রকমারি। আগের বছরগুলোতে বেস্টসেলার অ্যাওয়ার্ড প্রদান করলেও এবার সশরীরে  মহা আয়োজনে ফিকশন, নন-ফিকশন ও ধর্মীয় তিন ক্যাটগরিতে পুরস্কৃত করা হলো সেরা লেখকদের। সোমবার (৪ জুলাই) রাজধানীর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ অডিটোরিয়ামে আয়োজিত নগদ-রকমারি বেস্ট সেলার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাদের নাম ঘোষণা করা হয়। এসময় পুরস্কার প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এবং বিজয় বাংলা জনক মোস্তাফা জব্বার। রকমারি ডট কমের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক,  বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ, মনোরোগ বিশেষজ্ঞ ও কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক প্রমুখ। অনলাইনে পাঠকপ্রিয়তায় শীর্ষে  থেকে  এবারের নগদ-রকমারি বেস্ট সেলার অ্যাওয়ার্ডের ফিকশন বিভাগে প্রথম হয়েছেন তরুণ লেখক সাদাত হোসাইন। এছাড়াও নন ফিকশন ক্যাটাগরিতে প্রথম হয়েছেন আব্দুল্লাহ ইবনে মাহমুদ, ধর্মীয় ক্যাটাগরিতে আরিফ আজাদ ও ক্যারিয়ার ও স্কিল ডেভেলপমেন্ট ক্যাটাগরিতে সাইফুল ইসলাম। এছাড়াও  ফিকশন বিভাগে দ্বিতীয় হয়েছেন মালিহা তাবাসসুম ও তৃতীয় হয়েছেন জুনায়েদ ইভান। নন ফিকশন বিভাগে দ্বিতীয় ও তৃতীয় যথাক্রমে মহিউদ্দিন আহমদ ও অধ্যাপক আবদুর রাজ্জাক। ধর্মীয় ক্যাটাগরিতে দ্বিতীয় আব্দুল্লাহ ইবনে মাহমুদ এবং তৃতীয় মুহিব খান। ক্যারিয়ার ও স্কিল ডেভেলপমেন্ট বিভাগে দ্বিতীয় হয়েছেন ফরিদ আহমেদ এবং তৃতীয় কোচ কামরুল হাসান। ফিকশন শাখায় অ্যাকিলিসের টেন্ডন শিরোনামের বই লিখে প্রথম পুরস্কার পেয়েছেন সাদাত হোসাইন। একই বিভাগে অন্যমনস্ক শিরোনামের বইয়ের জন্য দ্বিতীয় পুরস্কার পেয়েছেন মালিহা তাবাসসুম। ইতি স্মৃতি গন্ধা শীর্ষক গ্রন্থের জন্য তৃতীয় পুরস্কার পেয়েছেন জুনায়েদ ইভান। নন-ফিকশন শাখায় পলিটিক্স পার্টিজ ইন ইন্ডিয়া শিরোনামের বই লিখে প্রথম পুরস্কার পেয়েছেন আব্দুল্লাহ ইবনে মাহমুদ। একই শাখায় দৈনিক ইত্তেফাক ফ্রন্ট পেইজেস শিরোনামের বই লিখে দ্বিতীয় পুরস্কার পেয়েছেন মহিউদ্দিন আহমেদ। পুরনো সেই দিনের কথা শীর্ষক গ্রন্থের জন্য তৃতীয় পুরস্কার পেয়েছেন অধ্যাপক আবদুর রাজ্জাক। ধর্মীয় বিভাগে এবার ভিন্ন কিছু হোক শীর্ষক গ্রন্থের জন্য প্রথম পুরস্কার পেয়েছেন আরিফ আজাদ। একই শাখায় দ্য প্রফেট শীর্ষক গ্রন্থের জন্য দ্বিতীয় পুরস্কার পেয়েছেন আব্দুল্লাহ ইবনে মাহমুদ। আল কুরআনের কাব্যানুবাদ গ্রন্থের জন্য তৃতীয় পুরস্কার পেয়েছেন মুহিব খান। ক্যারিয়ার ও স্কিল ডেভেলপমেন্ট বিভাগে ইংলিশে দুর্বলদের জন্য শীর্ষক বই লিখে প্রথম পুরস্কার অর্জন করেছেন সাইফুল ইসলাম। একই শাখায় সহজ ভাষায় ইংলিশ বইয়ের জন্য দ্বিতীয় পুরস্কার পেয়েছেন ফরিদ আহমেদ। স্মার্ট ফ্রিহ্যান্ড রাইটিং শীর্ষক গ্রন্থের জন্য তৃতীয় পুরস্কার পেয়েছেন কোচ কামরুল হাসান।